সিবিআই ‘অপদার্থ’ সংস্থা, তদন্তে গাফিলতির অভিযোগে সরব আরজি করের নির্যাতিতার বাবা

আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার শিয়ালদা আদালত চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললেও আদতে তারা মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি তদন্তকারী আধিকারিক সীমা আহুজার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
এদিন আদালতে পুলিশকর্মী অনুপ দত্তকে গ্রেফতার এবং ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, সিবিআই এখনও পর্যন্ত অপরাধের সঠিক স্থান ও দেহ উদ্ধারের প্রকৃত তথ্য বের করতে ব্যর্থ হয়েছে। তদন্তের এমন দিশাহীন অবস্থায় ক্ষুব্ধ পরিবার কেন্দ্রীয় সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ন্যায়বিচারের দাবিতে প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্যাতিতার বাবা। তিনি জানান, তদন্তে গাফিলতির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। সিবিআই-এর ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকারি অর্থ খরচ করে এই ধরণের তদন্ত অর্থহীন। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন সন্তানহারা এই পিতা।