ব্রিটিশ নৌঘাঁটি থেকে ইরান আক্রমণ করতে চান ট্রাম্প

লন্ডন: ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবে সায় দিল না ব্রিটেন। ইরানের ওপর সামরিক হামলা চালাতে ব্রিটিশ বায়ুসেনার ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সুইন্ডনের কাছে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (RAF) কৌশলগত ঘাঁটিটি ব্যবহারের আবেদন জানিয়েছিল ওয়াশিংটন। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি সেই অনুমতি নাকচ করে দিয়েছেন।
ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর দাবি, লন্ডনের এই সাহসী পদক্ষেপে তীব্র ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক মহলের ধারণা, এই প্রত্যাখ্যানের ফলে আগামী দিনে আমেরিকা ও ব্রিটেনের কূটনৈতিক সম্পর্কে বড়সড় ফাটল ধরতে পারে। স্টারমার স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো দেশের সার্বভৌমত্ব বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ব্রিটিশ মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।