ভাঙল জানলার কাচ! বন্দে ভারত এক্সপ্রেসে বড়সড় হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন মোহন ভাগবত

উত্তরপ্রদেশে ফের একবার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এবারের ঘটনাটি সাধারণ পাথর বৃষ্টির চেয়েও অনেক বেশি সংবেদনশীল, কারণ সেই সময় ট্রেনের ভেতরেই সশরীরে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হারদৌই জেলার কাউধা গ্রামের কাছে এই হামলার ঘটনাটি ঘটে, যার ফলে ট্রেনের সি-৪ কোচের একটি জানলার কাচ চুরমার হয়ে যায়।
নিরাপদ আছেন মোহন ভাগবত
সূত্রের খবর, লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে মেরঠ ফিরছিলেন সঙ্ঘ প্রধান। আচমকাই চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। জানলার কাচ ভাঙলেও মোহন ভাগবত সম্পূর্ণ অক্ষত আছেন বলে রেল সূত্রে নিশ্চিত করা হয়েছে। রাত ৯টা নাগাদ মেরঠ স্টেশনে পৌঁছানোর পর নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে শতাব্দী নগরের মাধব কুঞ্জে নিয়ে যাওয়া হয়। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি সেখানে ক্রীড়াবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে এক বিশেষ সংলাপে অংশ নেবেন তিনি।
রেল পুলিশের কড়া পদক্ষেপ
এই হাই-প্রোফাইল হামলার ঘটনার পরেই নড়েচড়ে বসেছে রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ। পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে মেরঠে একটি বিশেষ দল পাঠানো হয়েছে। কীভাবে কড়া নজরদারি এড়িয়ে চলন্ত বন্দে ভারতে পাথর ছোড়া সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বারবার বিপত্তির মুখে বন্দে ভারত
রেল পরিষেবা আধুনিকীকরণের অন্যতম প্রতীক বন্দে ভারত এক্সপ্রেস বারবার এই ধরণের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে। হারদৌইয়ের এই পাথর বৃষ্টির ঘটনার ঠিক কয়েকদিন আগেই অর্থাৎ ৯ ফেব্রুয়ারি মুম্বই-গোয়া রুটে গবাদি পশুর সঙ্গে ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ট্রেন। তবে ভিআইপি যাত্রীর উপস্থিতিতে এবারের হামলাটি রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।