বিজয় মালিয়ার ভারত প্রত্যাবর্তন কি অনিশ্চিত? বম্বে হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি

বিজয় মালিয়ার ভারত প্রত্যাবর্তন কি অনিশ্চিত? বম্বে হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি

বম্বে হাইকোর্টে পলাতক শিল্পপতি বিজয় মালিয়া জানিয়েছেন যে, ব্রিটিশ আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি বর্তমানে ইংল্যান্ড বা ওয়েলস ত্যাগ করতে পারছেন না। ২০১৬ সালে ভারত সরকার তার পাসপোর্ট বাতিল করায় বর্তমানে তার কাছে কোনো বৈধ ভ্রমণ নথিও নেই। ফলে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনই তার পক্ষে দেশে ফেরা সম্ভব নয় বলে মালিয়া দাবি করেছেন।

পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের (FEO Act) বৈধতাকে চ্যালেঞ্জ করে মালিয়া এই মামলা দায়ের করেছেন। তবে বিচারপতি শ্রী চন্দ্রশেখর ও বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র বিবৃতি যথেষ্ট নয়; মালিয়াকে আগামী ১১ মার্চের মধ্যে হলফনামা জমা দিতে হবে। আদালত আগে জানিয়েছিল, আবেদনের গুরুত্ব পেতে হলে তাকে সশরীরে দেশে ফিরতে হবে।

কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মালিয়া চাইলে সরকার তাকে প্রয়োজনীয় ভ্রমণ নথি দিয়ে সহায়তা করতে প্রস্তুত। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপির দায়ে অভিযুক্ত মালিয়া ২০১৯ সালে পলাতক অপরাধী ঘোষিত হন। বর্তমানে সেই তকমা ঘোচাতেই তিনি আইনি লড়াই চালাচ্ছেন, যদিও তার প্রত্যাবর্তনের বিষয়টি এখনও ধোঁয়াশায় ঘেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *