এলিয়েন আর ইউএফও রহস্য কি এবার ফাঁস হবে? ট্রাম্পের নির্দেশে কাঁপছে পেন্টাগন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অভাবনীয় সিদ্ধান্তে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। যুগ যুগ ধরে চেপে রাখা ভিনগ্রহী বা এলিয়েন সংক্রান্ত সমস্ত গোপন ফাইল এবার জনসমক্ষে আনার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন তিনি। আমেরিকার গোপন ভল্টে লুকিয়ে রাখা ‘আনআইডেন্টিফাইড ফ্লাইয়িং অবজেক্ট’ বা ইউএফও (UFO) সংক্রান্ত অতি সংবেদনশীল নথিগুলো প্রকাশের জন্য ট্রাম্প এখন মরিয়া।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) একটি চাঞ্চল্যকর পোস্টে ট্রাম্প জানিয়েছেন যে, এলিয়েন এবং মহাকাশের অমীমাংসিত রহস্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে তীব্র কৌতূহল রয়েছে, সেটিকে তিনি সম্মান জানান। আর সেই কারণেই এই মহাজাগতিক রহস্যের জট খুলতে তিনি আর দেরি করতে চান না।
প্রেসিডেন্টের এই নির্দেশের পর মার্কিন প্রতিরক্ষা দফতর বা পেন্টাগন এবং যুদ্ধসচিবের দফতরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ভিনগ্রহীদের অস্তিত্ব বা পৃথিবীর আকাশে দেখা যাওয়া রহস্যময় যানগুলো নিয়ে সরকার আসলে কী জানে, তা লুকানোর দিন শেষ। গোপন নথিগুলো দ্রুত যাচাই করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
ওয়াকিবহাল মহলের মতে, যদি সত্যিই এই ফাইলগুলো প্রকাশিত হয়, তবে মানব ইতিহাসের সবচেয়ে বড় গোপন সত্যটি সামনে চলে আসতে পারে। এলিয়েনরা কি সত্যিই পৃথিবীতে এসেছিল? এরিয়া ৫১-এর আড়ালে কী লুকিয়ে রাখা হয়েছে? এই সব প্রশ্নের উত্তর পেতে এখন মুখিয়ে আছে গোটা বিশ্ব। ট্রাম্পের এই সাহসী পদক্ষেপ মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।