বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে বড় জল্পনা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় বিপত্তি। রাজ্যজুড়ে কয়েক লক্ষ ভোটারের ভাগ্য এখন বিশ বাঁও জলে। ভোটার তালিকার নথিতে মারাত্মক ভুল এবং তা সংশোধনের জটিলতায় আটকে রয়েছে কয়েক হাজার বুথের নির্বাচনী প্রক্রিয়া।
নির্বাচন কমিশনের অন্দরের খবর অনুযায়ী, মূলত এসআইআর নথিতে ত্রুটির কারণে অন্তত ৫৫ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় তোলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। কমিশন সূত্রে জানানো হয়েছে, এই ত্রুটি সংশোধন করে নির্ভুল তালিকা প্রকাশ করতে আরও অন্তত এক সপ্তাহ বা তার বেশি অতিরিক্ত সময় লাগতে পারে।
ভোটার তালিকা চূড়ান্ত হতে দেরি হওয়ার অর্থ হলো ভোট ঘোষণার দিনক্ষণও পিছিয়ে যাওয়া। নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করছে যাতে অতিরিক্ত সময় কমিয়ে দ্রুত কাজ শেষ করা যায়। তবে নথির এই পাহাড়প্রমাণ ভুল যদি দ্রুত সংশোধন না হয়, তবে বাংলায় ভোটের নির্ঘন্ট প্রকাশে বড়সড় বিলম্ব ঘটার সম্ভাবনা জোরালো হচ্ছে। এখন দেখার, নির্ধারিত সময়ের মধ্যে কমিশন এই জট কাটিয়ে উঠতে পারে কি না।