১৭ রাজ্য ও ৫ কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে এসআইআর! ভোটের আগেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের

বাংলাসহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকা সংশোধনের কাজ প্রায় শেষের পথে। তবে এর মধ্যেই বড়সড় খবর দিল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, আগামী এপ্রিল মাস থেকেই পরবর্তী পর্যায়ের ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া শুরু হতে চলেছে দেশের ১৭টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই তালিকায় যেমন রয়েছে জম্মু ও কাশ্মীর, তেমনই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লির মতো গুরুত্বপূর্ণ এলাকা।
কমিশনের কড়া বার্তা
সূত্রের খবর, সংশ্লিষ্ট ২২টি অঞ্চলের প্রধান নির্বাচনী আধিকারিকদের (CEO) ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে, এসআইআর সংক্রান্ত সমস্ত প্রস্তুতিমূলক কাজ যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। বিশেষ করে ২০০২-২০০৪ সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটারদের তথ্যের ‘ম্যাপিং’ করার প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্ব দিয়ে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে কাজের জন্য বুথ লেভেল অফিসার বা বিএলও-দের প্রশিক্ষণের ওপরেও জোর দিয়েছে ইসিআই।
তালিকায় রয়েছে কোন কোন নাম
কমিশনের এই নতুন নির্দেশের আওতায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি (এনসিটি), ওড়িশা, পাঞ্জাব, সিকিম এবং উত্তরাখণ্ড। এপ্রিল মাস থেকে এই এলাকাগুলোতে ভোটার তালিকা যাচাই ও নতুন নাম অন্তর্ভুক্তির তোড়জোড় শুরু হয়ে যাবে।
বাদ পড়ল ৬৮ লক্ষ নাম
এসআইআর প্রক্রিয়ার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে, তার প্রমাণ মিলেছে গুজরাটে। জানা গিয়েছে, সেখানে এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম বাদ পড়েছে। মূলত ডুপ্লিকেট নাম, প্রয়াণ বা ঠিকানা পরিবর্তনের কারণেই এই বিপুল সংখ্যক নাম কাটা গিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন করে ১৭টি রাজ্যে এই প্রক্রিয়া শুরু হলে সেখানেও ভোটার তালিকার চেহারা আমূল বদলে যেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।