আর জি করে অসাধ্যসাধন: পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপনে রক্ষা পেল যুবকের পা

পূর্ব ভারতে এই প্রথম এক মৃত ব্যক্তির হাড় জীবিত যুবকের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করে নজির গড়ল কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। উত্তর ২৪ পরগনার বাসিন্দা রিজাউদ্দিন মণ্ডলের বাঁ পা এক ভয়াবহ লরি দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। একাধিক অস্ত্রোপচারের পরেও অবস্থার উন্নতি না হওয়ায় পা বাদ দেওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় সেই সংকট এড়ানো সম্ভব হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহায়তায় প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে চেন্নাই থেকে হাড় সংগ্রহ করে আর জি কর কর্তৃপক্ষ। গত ১৭ ফেব্রুয়ারি অত্যন্ত জটিল ও আধুনিক এই অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়। সরকারি হাসপাতালেই সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যয়বহুল চিকিৎসা পরিষেবা পেয়েছেন ওই যুবক। চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরণের প্রতিস্থাপন এই অঞ্চলে চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে এক বড় সাফল্য।
বর্তমানে অস্ত্রোপচার সফল হয়েছে এবং রিজাউদ্দিন শারীরিকভাব সুস্থ রয়েছেন। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না। হাড় ও লিগামেন্ট প্রতিস্থাপনের পর তাঁর শারীরিক অবস্থা এবং নতুন হাড়ের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এর মাধ্যমে রাজ্যে অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।