বেলডাঙা মামলা: তথ্য হস্তান্তর নিয়ে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য

বেলডাঙা মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে তথ্য তুলে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপত্তি জানিয়ে রাজ্যের যুক্তি, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় এমন নির্দেশ কার্যকর হতে পারে না। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, এনআইএ অভিযোগ করেছে যে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না মেলায় ধৃতদের সশরীরে আদালতে হাজির করা যাচ্ছে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে বাহিনী মোতায়েনে আসাম্মতি জানিয়েছে জেলা পুলিশ। ফলে তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে দাবি করে কেন্দ্রীয় সংস্থাটি এখন নিজেরাই নিরাপত্তার দায়িত্ব নিয়ে অভিযুক্তদের কলকাতায় আনতে আদালতের অনুমতি চেয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদে এক শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও রেল অবরোধের জেরে এই মামলার সূত্রপাত হয়। বর্তমানে তথ্য হস্তান্তর এবং অভিযুক্তদের পেশ করা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার আইনি টানাপড়েনে মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সবার নজর।