দীপ্সিতা ধরের সদস্যপদ ঘিরে সিপিএমের অন্দরে জল্পনা তুঙ্গে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধর দলের সদস্যপদ পুনর্নবীকরণ না করায় রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রতীক উর রহমানের পথ অনুসরণ করে দীপ্সিতাও কি দলত্যাগ করতে চলেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বালি এলাকার এই যুবনেত্রী সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, সদস্যপদ নবীকরণের জন্য আগামী মার্চ মাস পর্যন্ত সময় রয়েছে এবং বর্তমানে যা রটছে তা ভিত্তিহীন।
দলীয় সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও দীপ্সিতা এখনও প্রয়োজনীয় ফর্মে স্বাক্ষর করেননি। জেএনইউ-তে পড়াশোনার সূত্রে তাঁর সদস্যপদ দিল্লিতে পুনর্নবীকরণ হওয়ার কথা থাকলেও, সেখানেও কোনও সক্রিয়তা দেখা যায়নি। এদিকে ভোট ঘোষণার প্রাক্কালে দলের অভ্যন্তরীণ প্রক্রিয়া দ্রুত শেষ করার চাপ থাকলেও দীপ্সিতার এই ‘নিষ্ক্রিয়তা’ ও লুকোছাপা দলের নিচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
বিগত লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী দীপ্সিতাকে ইদানীং দলের বড় কর্মসূচি বা টেলিভিশন বিতর্কসভাতেও সেভাবে দেখা যাচ্ছে না। তাঁর নিজের এলাকাতেই অন্য যুবনেত্রীদের অধিক সক্রিয়তা এবং প্রতীকের বিদ্রোহের প্রতি দীপ্সিতার প্রচ্ছন্ন সমর্থন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে তিনি শেষ পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেন কি না, এখন সেটাই দেখার বিষয়।