পাকিস্তানে রমজানের শুরুতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ১৬ জন

রমজানের প্রথম দিনেই রক্তাক্ত হলো পাকিস্তানের করাচি শহর। বৃহস্পতিবার সকালে সোলজার বাজার এলাকায় একটি বহুতলের দোতলায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির একটি বড় অংশ ধসে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বহুতলের দোতলায় একটি গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপর্যয় ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান চলছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।