জঙ্গিদের অর্থ সাহায্য রুখতে উপত্যকায় কড়া নজরদারি, জারি জেলাশাসকের নির্দেশিকা

জঙ্গিদের অর্থ সাহায্য রুখতে উপত্যকায় কড়া নজরদারি, জারি জেলাশাসকের নির্দেশিকা

রমজান মাসকে কাজে লাগিয়ে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের জন্য চাঁদা তোলার বড়সড় পরিকল্পনা ভণ্ডুল করল নিরাপত্তা বাহিনী। উপত্যকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে থেকে সীমান্ত পার হওয়ার জন্য বিপুল অর্থ সংগ্রহের চেষ্টা করছে বলে খবর পায় যৌথ বাহিনী। এই ছক রুখতে বর্তমানে স্পর্শকাতর এলাকাগুলোতে তল্লাশি ও নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিস্তওয়ারের জেলাশাসক পঙ্কজ কুমার শর্মা বিশেষ সতর্কতা জারি করেছেন। এখন থেকে আগাম অনুমতি ছাড়া ঘরে ঘরে গিয়ে কোনো ধরনের চাঁদা সংগ্রহ করা যাবে না। ফিল্ড অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি সংগ্রাহকের পরিচয় ও গতিবিধি যাচাই করতে। কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

গত কয়েক মাস ধরে চলা সেনা অভিযানে বেশ কিছু জঙ্গি ইতিপূর্বে নিকেশ হয়েছে। তবে অবশিষ্ট জঙ্গিরা যাতে রমজানের পবিত্রতাকে কাজে লাগিয়ে আর্থিক মদত না পায়, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। উপত্যকার শান্তি বজায় রাখতে স্থানীয়দেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় জঙ্গিদের এই অর্থ সংগ্রহের চেষ্টায় কার্যত জল ঢেলে দেওয়া সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *