শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত: একগুচ্ছ লোকাল বাতিল

পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভাঙার কাজের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ আনা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, আগামী ২১শে ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০টা ৪০ মিনিট থেকে ২২শে ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত টানা ৮ ঘণ্টা পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। এর ফলে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ লাইনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার ও রবিবার মিলিয়ে দুই দফায় অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতের বেশ কিছু আপ ট্রেন শিয়ালদহের পরিবর্তে বালিগঞ্জ ও সোনারপুর স্টেশনে যাত্রা শেষ করবে। একইভাবে রবিবার সকালে শিয়ালদহ থেকে ছাড়ার বদলে বেশ কিছু ডাউন ট্রেন বালিগঞ্জ ও সোনারপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
যাত্রীদের ভোগান্তি কমাতে রেলের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার কথা জানানো হলেও ব্লক চলাকালীন এই শাখার পরিষেবা আংশিক বিঘ্নিত থাকবে। বেশ কিছু ট্রেন শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে না এবং কিছু ট্রেনের গন্তব্য বালিগঞ্জেই সীমাবদ্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অগ্রিম পরিকল্পনা করে ভ্রমণের পরামর্শ দিয়েছে।