পাকিস্তানের বকলমে শাসক কি সেনাপ্রধান মুনির? মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ

পাকিস্তানে নির্বাচিত সরকারের চেয়ে সেনাবাহিনী ও সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুনিরকে দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ (সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়ায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ এখন তাঁর হাতে। গুঞ্জন উঠেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কার্যত ‘হাতের পুতুল’ হয়ে পড়েছেন এবং সেনাপ্রধানই এখন দেশের প্রকৃত নিয়ন্ত্রক।
এই প্রেক্ষাপটে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানান, বর্তমানে কোনো সেনাশাসন নেই। তবে তিনি একে একটি ‘হাইব্রিড সরকার’ হিসেবে অভিহিত করেছেন, যেখানে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে সহায়তা করছে। আসিফ স্পষ্ট করেন যে, সেনাপ্রধান তাঁর ওপর কর্তৃত্ব করছেন না, বরং এটি জাতীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়।
উল্লেখ্য, আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা এবং সংবিধান সংশোধনের মাধ্যমে তাঁকে আইনি দায়বদ্ধতা থেকে মুক্তি দেওয়ার পর থেকেই তাঁর ক্ষমতা নিয়ে বিতর্ক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রাথমিক আপত্তি থাকলেও রাজনৈতিক অস্থিরতার চাপে এই পদোন্নতিতে সম্মতি দিতে হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বর্তমানে পাকিস্তানের প্রশাসনিক কাঠামোয় সেনাপ্রধানের প্রভাব একচ্ছত্র হয়ে উঠেছে।