‘কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?’ প্রতীক উরের দলবদলের জল্পনায় চরম খোঁচা ঊষসীর

নিউজ ডেস্ক: বাম শিবিরের তরুণ তুর্কি প্রতীক উর রহমানের আচমকা ইস্তফা এবং দলবদলের জল্পনা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। এই ইস্যুতে এবার বিস্ফোরক অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সরাসরি নাম না নিলেও সোশ্যাল মিডিয়ায় প্রতীক উরকে তীব্র কটাক্ষ করেছেন ‘জুন আন্টি’। একইসঙ্গে শাসক দল তৃণমূলকেও বিঁধতে ছাড়েননি তিনি।
ঊষসী প্রশ্ন তুলেছেন, “শূন্য পাওয়া দল থেকে এত নেতা ধার নিতে হচ্ছে কেন? কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?” অভিনেত্রীর এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু। প্রতীক উরের নাম উল্লেখ না করে ঊষসী লিখেছেন, একজন পরিচিত যুবনেতাকে এভাবে ‘পচে যেতে দেখে’ তাঁর ভিতরটা খালি হয়ে যাচ্ছে। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতীকের দল ছাড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাকেও বিঁধেছেন তিনি। ঊষসীর সাফ কথা, নিজের পচনকে ঢাকতে দলের হয়ে নিরন্তর কাজ করা বাকি কর্মীদের ঢাল করা উচিত নয়।
শোনা যাচ্ছে, অভিমানী প্রতীক উর রহমান খুব শীঘ্রই ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন। শাসক দলের এক প্রভাবশালী সাংসদের সঙ্গে তাঁর দফায় দফায় বৈঠক এবং আড্ডার খবরও চাউর হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই ঊষসী প্রশ্ন তুলেছেন শাসক দলের শক্তিবৃদ্ধির কৌশল নিয়ে।
রাজনৈতিক মহলের মতে, প্রতীক উর বা দীপ্সিতা-সৃজনের মতো বাম মুখেরা দলবদল করলে বামেদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগবে ঠিকই, তবে তৃণমূলের ভোটব্যাঙ্কে তা কতটা প্রভাব ফেলবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও ঊষসী চক্রবর্তী এই পরিস্থিতির একটি ‘ইতিবাচক’ দিকও খুঁজে পেয়েছেন। তাঁর মতে, এর ফলে প্রমাণ হয়ে গেল যে ‘শূন্য’ হয়ে যাওয়া বাম দল এবং তাদের তরুণ নেতারাই এখন রাজনীতির মূল আলোচনার বিষয় হয়ে উঠেছেন।