হাতের ওইটুকু জিনিসের দাম সাড়ে ৬ লাখ টাকা! প্রিয়াঙ্কা চোপড়ার ‘গুপ্তধন’ দেখে চোখ কপালে নেটিজেনদের

হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রিমিয়ারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে এবার কোনো দামী পোশাক বা হিরের গয়না নয়, বরং প্রিয়াঙ্কার হাতের ছোট্ট একটি ‘সোনার সিন্দুক’ ঘিরেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ওইটুকু ব্যাগের আকাশছোঁয়া দাম শুনে ভিড়মি খাচ্ছেন সাধারণ মানুষ।
জলদস্যু লুকে দেশি গার্ল
নিজের নতুন ছবি ‘দ্য ব্লাফ’-এ উনবিংশ শতাব্দীর এক দুর্ধর্ষ নারী জলদস্যু ‘এর্সেল ব্লাডি মেরি’র চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। রেড কার্পেটেও সেই চরিত্রের ছোঁয়া ধরে রাখতে চেয়েছিলেন তিনি। বিখ্যাত ডিজাইনার গৌরব গুপ্তার উজ্জ্বল হলুদ গাউনে প্রিয়াঙ্কাকে মোহময়ী দেখালেও সবার নজর কেড়ে নেয় তাঁর ডান হাতে ধরা ছোট্ট একটি গোল্ডেন বক্স বা গুপ্তধনের সিন্দুক।
দাম শুনলে ভিরমি খাবেন
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা নিজেই মজা করে লিখেছেন যে, কেউ যেন তাঁর এই ‘ট্রেজার চেস্ট’ মিস না করেন। কিন্তু এই ছোট্ট সিন্দুকটির আসল রহস্য ফাঁস হতেই শুরু হয়েছে চর্চা। জানা গেছে, একটি আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ডের এই ‘সানকেন ট্রেজার চেস্ট’ ব্যাগটির ভারতীয় মুদ্রায় বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা। পিতল এবং দামী ক্রিস্টাল দিয়ে খচিত এই ব্যাগটি দেখতে অনেকটা খেলনার মতো মনে হলেও এর আভিজাত্য এবং দাম হার মানাবে অনেক বিলাসবহুল গাড়িকেও।
বড় পর্দায় ফেরার প্রস্তুতি
ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলার পাশাপাশি প্রিয়াঙ্কা ব্যস্ত তাঁর আগামী কাজগুলো নিয়ে। খুব শীঘ্রই তাঁকে ভারতীয় ছবিতেও ফিরতে দেখা যাবে। গ্লোবাল স্টেজে নিজের স্টাইল স্টেটমেন্ট এবং কাজের মাধ্যমে প্রিয়াঙ্কা আবারও প্রমাণ করে দিলেন যে কেন তিনি অপ্রতিদ্বন্দ্বী।