ভোটার তালিকা প্রকাশে জেলা নির্বাচনী আধিকারিকদের কড়া বার্তা সিইও-র

সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে তিনি সাফ জানান, এই প্রক্রিয়ায় কোনো গাফিলতি বা ‘ছেলেখেলা’ বরদাস্ত করা হবে না।
সূত্রের খবর, স্ক্রুটিনির জন্য অনেক জেলা বাড়তি সময় চাইলেও কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্নের ওপর জোর দিয়েছে। স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরির লক্ষ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও সিইও-র সঙ্গে যোগাযোগ রাখছেন। ২৮ ফেব্রুয়ারি মূল তালিকা প্রকাশের পর অমীমাংসিত ভোটারদের জন্য প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে বৈঠকে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট জেলাভিত্তিক বিচারক নিয়োগের মাধ্যমে তথ্যগত অসঙ্গতি ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রেপ্যান্সি দূর করতে নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভাররা বিচারকদের সহায়তা করবেন। সঠিক সময়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়াই এখন কমিশন ও জেলা প্রশাসনগুলোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।