লাটভিয়ায় পুরুষের তীব্র সংকট: ‘অস্থায়ী স্বামী’ ভাড়া করছেন মহিলারা

ইউরোপের দেশ লাটভিয়ায় নারী ও পুরুষের সংখ্যার ব্যাপক তারতম্য এক নজিরবিহীন সামাজিক সংকট তৈরি করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা ১৫.৫ শতাংশ বেশি, যা ইউরোপীয় দেশগুলোর গড় ব্যবধানের প্রায় তিন গুণ। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় তিন গুণ বেশি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
পুরুষ সঙ্গীর এই তীব্র অভাব মেটাতে লাটভিয়ার মহিলারা এখন ‘অস্থায়ী স্বামী’ ভাড়া করার পথ বেছে নিচ্ছেন। বাণিজ্যিক সংস্থাগুলো এই সুযোগে দক্ষ পুরুষ কর্মী সরবরাহ করছে, যারা পারিশ্রমিকের বিনিময়ে গৃহস্থালির কাজ থেকে শুরু করে সামাজিক সঙ্গদান—সবই করছেন। মূলত ঘর মেরামত, রং করা বা ছুতোরের মতো কাজগুলো করার জন্য পুরুষের সংকট থাকায় মহিলারা এই বিকল্প ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
লিঙ্গ অনুপাতে এই ভারসাম্যহীনতার প্রভাব পড়ছে কর্মক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্রই। অনেক মহিলা জীবনসঙ্গীর খোঁজে বিদেশে পাড়ি দিচ্ছেন, আবার কেউ কেউ বাধ্য হয়েই প্রথাগতভাবে পুরুষদের জন্য নির্ধারিত কাজগুলো নিজেরাই করছেন। বর্তমান এই সংকট লাটভিয়ার জনতাত্ত্বিক কাঠামো ও সামাজিক জীবনযাত্রায় এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।