বিজেপিতে সক্রিয়দের কোণঠাসা করার অভিযোগ, প্রার্থী হওয়ার আবহে সরব দিলীপ-পত্নী

বিজেপিতে সক্রিয়দের কোণঠাসা করার অভিযোগ, প্রার্থী হওয়ার আবহে সরব দিলীপ-পত্নী

আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে আবেদন জানানোর পর এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। মেদিনীপুরে আরএসএসের নতুন কার্যালয় উদ্বোধনে গিয়ে তিনি অভিযোগ করেন, দলে সক্রিয় কর্মীদের গুরুত্ব না দিয়ে ‘কৌটোয় ঢাকনা’ দিয়ে রাখার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় দল করলেও তাঁকে মণ্ডলের সাধারণ সম্পাদক পদটুকুও দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

প্রার্থিপদ পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রিঙ্কু দেবী জানান, রাজনীতিতে প্রভাব খাটানো বা অভিনয়ের ভিড়ে যোগ্যদের পিছনে ঠেলে দেওয়া হয়। সল্টলেকের দলীয় দপ্তরে বায়োডাটা জমা দিতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়েছে বলেও তাঁর অভিযোগ। দীর্ঘক্ষণ বসিয়ে রেখেও সভাপতির সঙ্গে দেখা করতে না পারায় দলের সাংগঠনিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের পছন্দের কেন্দ্র হিসেবে বীজপুর ও মেদিনীপুরের নাম উল্লেখ করলেও টিকিট পাওয়া নিয়ে বর্তমানে সংশয়ে রয়েছেন রিঙ্কু মজুমদার। তিনি স্পষ্ট জানান, লড়ার সুযোগ পেলে তিনি জিতবেনই, কারণ জীবন তাঁর কাছে সবসময়ই একটি চ্যালেঞ্জ। তবে নির্বাচনের আগে তাঁর এই ‘বেসুরো’ মন্তব্য এবং দলের অভ্যন্তরীণ কাজের ধরন নিয়ে তোলা অভিযোগ গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *