রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে ডিজি-র বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে ডিজি-র বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের (ডিজি) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না। আদালতের নির্দেশ কার্যকর করার জন্য ডিজি এবং সংশ্লিষ্ট জেলাশাসকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

শুনানি চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ও এসআইআর ফর্ম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনার অভিযোগ তোলে। এর প্রেক্ষিতে শীর্ষ আদালত ডিজি-কে আগামী শুনানির আগে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই হলফনামায় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন করে কোনো অশান্তি ঘটেছে কি না, তার বিস্তারিত বিবরণ দিতে হবে।

আদালত এই মামলায় রাজ্য সরকার ও কমিশন—উভয় পক্ষের ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করেছে। উদ্ভূত ‘ব্যতিক্রমী পরিস্থিতি’ মোকাবিলায় বিচার বিভাগীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এমনকি পরিস্থিতি পর্যালোচনার জন্য কলকাতা হাইকোর্টকে বিশেষ আধিকারিক নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *