২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, সিইও-কে ফোন জ্ঞানেশ কুমারের

সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব কি না, তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে ফোন করে দীর্ঘ আলোচনা করেছেন বলে সূত্রের খবর।
মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত মাইক্রো বা রোল অবজার্ভারের পরিবর্তে আদালত নিযুক্ত ‘জুডিশিয়াল অফিসার’দের দিয়ে নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যদিও রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কর্মীসংকট ও পরিকাঠামোগত চাপের কথা উল্লেখ করেছিলেন, তবে আদালত স্পষ্ট জানিয়েছে যে এসআইআর-এর কাজে রাজ্যকে পূর্ণ সহযোগিতা করতে হবে।
নির্দেশ অনুযায়ী, শনিবার রাজ্য নির্বাচন কমিশনের সিইও, মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র উপস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে নথি যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রয়োজনে অতিরিক্ত তালিকাও প্রকাশ করা যেতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এখন এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তালিকা প্রকাশ করাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।