প্রধানমন্ত্রী মোদীর বাসভবন সংলগ্ন বস্তি উচ্ছেদের নোটিস, পুনর্বাসনের নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন সংলগ্ন লোককল্যাণ মার্গ (প্রাক্তন রেসকোর্স রোড) এলাকার তিনটি বস্তি উচ্ছেদে সক্রিয় হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ভাই রাম ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি ক্যাম্পের মোট ৭১৭টি পরিবারকে আগামী ৬ মার্চের মধ্যে ঘর খালি করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে সংশ্লিষ্ট পরিবারগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উচ্ছেদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থাও করেছে সরকার। দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (ডিইউএসআইবি)-এর নির্মিত সাভদা ঘেভরার কলোনিতে এই পরিবারগুলোকে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে বাসিন্দাদের দ্রুত সেখানে স্থানান্তরিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই এই ‘পুনর্বাসন প্যাকেজ’ কার্যকর করছে প্রশাসন।
তবে এই স্থানান্তর প্রক্রিয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মূল শহর থেকে পুনর্বাসন কলোনিটির দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার হওয়ায় যাতায়াত ও জীবনযাত্রার সমস্যা নিয়ে উদ্বেগে রয়েছেন ঘরছাড়া সাধারণ মানুষ। সরকারের পক্ষ থেকে আইনি বাধ্যবাধকতার কথা জানানো হলেও, দূরবর্তী স্থানে সরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না ৭১৭টি পরিবারের।