বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যৌথ মঞ্চ, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যৌথ মঞ্চ, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল যে, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার। তবে আদালতের সেই নির্দিষ্ট নির্দেশিকা সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া মেটানোর কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে।

এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। সংগঠনের দাবি, আদালতের রায়কে মান্যতা দেওয়ার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না প্রশাসন। ইতিপূর্বে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে লিগ্যাল নোটিস পাঠানো হলেও তার কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ করেছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

বকেয়া ডিএ-র বাকি ৭৫ শতাংশ মেটানোর রূপরেখা তৈরি করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ ছিল। আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়ার প্রথম কিস্তি মেটানোর কথা থাকলেও রাজ্য সরকারের অনড় মনোভাবের কারণে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছে সংগঠনটি। এখন শীর্ষ আদালত এই আদালত অবমাননার মামলায় কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *