শিলিগুড়ি বিধানসভা: ২০২৬-এর লড়াইয়ে কার দখলে থাকবে উত্তরবঙ্গের ‘মিনি কলকাতা’?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনৈতিক হৃদপিণ্ড শিলিগুড়িতে প্রস্তুতি তুঙ্গে। ২০১১ সাল থেকে প্রতিটি নির্বাচনে এই কেন্দ্রে পালাবদল ঘটেছে। বিগত নির্বাচনে বাম দুর্গ ভেঙে পদ্মশিবির জয়ী হলেও, আসন্ন লড়াইয়ে তৃণমূল কংগ্রেস হারানো জমি ফিরে পেতে মরিয়া। অন্যদিকে, নিজেদের অস্তিত্ব রক্ষায় লড়াই চালাচ্ছে বামেরাও।
২০১১ সালে তৃণমূলের জয়ের পর ২০১৬-তে সিপিএমের অশোক ভট্টাচার্য পুনর্দখল করেছিলেন এই আসন। তবে ২০২১ সালের সমীকরণ ছিল ভিন্ন; সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। সেই নির্বাচনে বিজেপি এককভাবে ৫০ শতাংশ ভোট পেয়ে শক্ত অবস্থান তৈরি করেছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এসআইআর ইস্যু এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণকে হাতিয়ার করে শাসকদল এগোলেও, আসন ধরে রাখতে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। শিলিগুড়ির সিংহাসন শেষ পর্যন্ত কার দখলে যায়, এখন সেটাই দেখার।