ভোটার তালিকা নিয়ে সংশয় কাটল: ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হচ্ছে চূড়ান্ত তালিকা

ভোটার তালিকা নিয়ে সংশয় কাটল: ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হচ্ছে চূড়ান্ত তালিকা

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। শুক্রবার শীর্ষ আদালত এই নির্ধারিত সূচি বজায় রাখার নির্দেশ দিয়েছে। ভোটারদের নথি যাচাইয়ে ইআরও (ERO) এবং এইআরও (AERO) আধিকারিকদের গাফিলতি ও মাইক্রো অবজার্ভারদের সঙ্গে মতবিরোধের জেরে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের তথ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর।

এই জটিলতা নিরসনে শনিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে উপস্থিত থাকবেন। কতজন ভোটারের শুনানি বিচারক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পন্ন হবে, সেই বিষয়েই এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তালিকায় তথ্যগত অসঙ্গতি দূর করতে ইআরও এবং এইআরও আধিকারিকদের শনিবারের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর জেলা প্রশাসন আগামী দু’দিনের মধ্যে সেই তথ্য যাচাই করে ২৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাবে। সমস্ত প্রক্রিয়া শেষে নির্দিষ্ট দিনেই নির্ভুল তালিকা প্রকাশের ব্যাপারে আশাবাদী কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *