আকাশে উড়বে ট্যাক্সি: ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে দেশীয় প্রযুক্তির চমক

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে’ উন্মোচিত হলো ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এয়ার ট্যাক্সি। আইআইটি মাদ্রাজের সহযোগিতায় ‘দ্য ই-প্লেন কো ম্পা নি’ এই উদ্ভাবনী যানটি তৈরি করেছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং যানজট এড়াতে উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম, যার জন্য কোনো রানওয়ের প্রয়োজন হবে না।
এই ব্যাটারিচালিত ট্যাক্সিটি হেলিকপ্টারের তুলনায় অনেক কম শব্দদূষণ করবে এবং রক্ষণাবেক্ষণ খরচও হবে সীমিত। উদাহরণস্বরূপ, সড়কপথে যে দূরত্ব অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লাগে, এই ট্যাক্সিতে তা মাত্র আট মিনিটে সম্ভব হবে। বর্তমানে প্রোটোটাইপ মডেলে পাইলটসহ তিনজনের বসার ব্যবস্থা থাকলেও ভবিষ্যতে ১৯ আসনের বড় মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।
ডিজিসিএ-এর অনুমোদন প্রাপ্ত এই প্রকল্পটি ২০২৭ সাল নাগাদ প্রথমে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে পরিষেবা শুরু করবে। প্রাথমিকভাবে বেঙ্গালুরু, চেন্নাই, পুনে, মুম্বই ও আহমেদাবাদে এই বাণিজ্যিক উড্ডয়ন শুরু হবে। পরবর্তী ধাপে ধাপে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে, যা যাতায়াত ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।