ইমরানের সুচিকিৎসার দাবিতে সরব গাওস্কর-কপিলসহ ১৪ প্রাক্তন অধিনায়ক

পাকিস্তানের জেলবন্দি ও অসুস্থ প্রাক্তন অধিনায়ক ইমরান খানের উপযুক্ত চিকিৎসার দাবিতে সরব হলেন ক্রিকেট বিশ্বের একঝাঁক কিংবদন্তি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে সুনীল গাওস্কর, কপিল দেবসহ ১৪ জন প্রাক্তন অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি চিঠি পাঠিয়েছেন। বিশ্বজয়ী এই ক্রিকেটারের সঙ্গে মানবিক আচরণ ও তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে।
গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, ভারত-পাকিস্তান রাজনৈতিক তিক্ততার কারণে গাওস্কর ও কপিল দেবকে এই উদ্যোগে শামিল করা নিয়ে তিনি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। তবে প্রস্তাব পাওয়ামাত্রই ভারতের দুই প্রবাদপ্রতিম ক্রিকেটার কোনো দ্বিধা না রেখে এগিয়ে আসেন। চ্যাপেলের মতে, ইমরানকে সাহায্য করার ক্ষেত্রে অন্য সবার চেয়ে গাওস্কর ও কপিলই সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
ইমরান খানের দীর্ঘদিনের বন্ধু হিসেবে গাওস্কর তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এই প্রতিবাদী চিঠিতে সই করেছেন ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার এবং স্টিভ ওয়-র মতো দিকপাল ক্রিকেটাররাও। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে একজন ক্রিকেটারের মানবিক অধিকার রক্ষায় গোটা ক্রিকেট মহলের এই ঐক্যবদ্ধ প্রয়াস বর্তমানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।