মাতাল ছেলের পৈশাচিক লালসার শিকার মা, ধৈর্য হারিয়ে চরম পদক্ষেপ নিলেন গর্ভধারিণী

উত্তরপ্রদেশের বিজনৌরের শ্যামিওয়ালা গ্রামে এক হাড়হিম করা হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। নেশায় চুর ৩২ বছর বয়সী ছেলে অশোক বারবার তার ৫৬ বছর বয়সী মাকে যৌন হেনস্থা করত বলে অভিযোগ। গত ৭ আগস্ট রাতে অভিযুক্ত যুবক ফের মদ্যপ অবস্থায় শোওয়ার ঘরে মায়ের ওপর পাশবিক নির্যাতন চালানোর চেষ্টা করলে ধৈর্যের বাঁধ ভেঙে যায় মহিলার। আত্মরক্ষার্থে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে ঘরে থাকা কাটারি দিয়ে ছেলেকে কোপাতে শুরু করেন তিনি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের।
ঘটনার পর প্রথমে লুঠপাটের গল্প সাজিয়ে গ্রামবাসীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত মা। তবে পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে তিনি নিজের অপরাধ কবুল করেন এবং ছেলের লালসার কথা জানান। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব বাজপেয়ী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা জামাকাপড় ও অস্ত্র উদ্ধার করেছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। লোকলজ্জার ভয়ে এতদিন মুখ না খুললেও শেষপর্যন্ত এই মর্মান্তিক পরিণতির সাক্ষী হলো গোটা গ্রাম।