রণবীর সিংকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি ও ১০ কোটি টাকা দাবি

বলিউডে বিষ্ণোই গ্যাংয়ের দাপট যেন থামছেই না। সালমান খানের পর এবার নিশানায় অভিনেতা রণবীর সিং। আমেরিকার একটি নম্বর থেকে আসা একটি হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে রণবীরকে খুনের হুমকি দিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিটাউন জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।
হুমকির নেপথ্যে কে এই হ্যারি বক্সার
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ‘হ্যারি বক্সার’ এই হুমকির নেপথ্যে রয়েছে। রণবীর সিংয়ের ম্যানেজারের ফোনে আসা সেই ভয়েস নোটে স্পষ্ট জানানো হয়েছে যে, দাবি মতো ১০ কোটি টাকা না দিলে পরিণাম ভয়াবহ হবে। তদন্তকারীদের দাবি, অডিও ক্লিপে শোনা কণ্ঠস্বরের সঙ্গে হ্যারির গলার স্বরের অদ্ভুত মিল পাওয়া গিয়েছে। তবে চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিশানায় রণবীরের পুরো টিম
ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে হ্যারি দাবি করেছে, শুধু রণবীর নন, তাঁর টিমের প্রত্যেক সদস্যের গতিবিধির ওপর নজর রাখছে গ্যাংস্টাররা। প্রয়োজনে রণবীরের কর্মীদের ওপর হামলা চালাতেও তারা পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অডিওতে পরিচালক রোহিত শেট্টির নামও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই হুমকির বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আন্তর্জাতিক যোগসূত্র ও পুলিশের তৎপরতা
হুমকিবার্তাটি আমেরিকার একটি নম্বর থেকে আসায় মুম্বই পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সরকারি প্রোটোকল মেনে মার্কিন কর্তৃপক্ষের কাছে ওই ফোন নম্বর এবং আইপি অ্যাড্রেস সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রণবীরের ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়নি, তবে প্রাথমিক তদন্তের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।
সালমান ও কপিল শর্মাকেও একই ধাঁচে হুমকি
বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় যে শুধু রণবীর আছেন তা নয়। এর আগে কৌতুক অভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি চালানোর ঘটনার পেছনেও এই হ্যারি বক্সারের নাম জড়িয়েছিল। এমনকি সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও টার্গেট করার হুমকি দিয়েছিল এই একই ব্যক্তি। বলিউড ইন্ডাস্ট্রির বাকিদেরও সতর্ক করে বলা হয়েছে যে, বিষ্ণোই গ্যাংয়ের ফোন বা দাবি উপেক্ষা করলে তার ফল ভুগতে হবে।
নিশ্ছিদ্র নিরাপত্তায় রণবীর সিং
এই ঘটনার পর রণবীর সিংয়ের ব্যক্তিগত নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর বাড়ি এবং শ্যুটিং সেটের চারপাশ কড়া নজরদারিতে রাখা হয়েছে। অভিনেতা বা পরিচালক রোহিত শেট্টি— কেউই এখনও পর্যন্ত সংবাদমাধ্যমে এই নিয়ে মুখ খোলেননি। পুরো বলিউড এখন পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের রিপোর্টের অপেক্ষায় দিন গুনছে।