আরজি কর মামলা: নির্যাতিতার পরিবারের একাধিক আবেদন খারিজ করল আদালত

আরজি কর মামলা: নির্যাতিতার পরিবারের একাধিক আবেদন খারিজ করল আদালত

আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের করা একাধিক আবেদন শুক্রবার খারিজ করে দিল শিয়ালদহ আদালত। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারক জানান, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া কাউকে হেফাজতে নেওয়া সম্ভব নয়; কাকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হবে তা সম্পূর্ণ তদন্তকারী সংস্থার এক্তিয়ারভুক্ত। উল্লেখ্য, সিবিআই-এর পেশ করা চার্জশিট ও স্টেটাস রিপোর্ট নিয়ে আগেই অনাস্থা প্রকাশ করেছিল পরিবার।

শুনানি চলাকালীন আদালত সিবিআই-এর তদন্ত প্রক্রিয়াকে ‘ধীর গতির’ বলে অভিহিত করে। এদিন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের গ্রেফতারি এবং সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশের দাবি জানানো হয়েছিল। এছাড়া, আর্থিক অনিয়মে অভিযুক্তদের ভূমিকা ও পলিগ্রাফ টেস্টের ভিডিও প্রকাশের দাবিও আদালত গ্রহণ করেনি।

২০২৪ সালের আগস্টে ঘটা এই নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ‍্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। তবে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা-বাবা। অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থাটি পরিবারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার পাল্টা অভিযোগ এনেছে। বর্তমানে মামলার পরবর্তী পর্যায়ের দিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *