স্ত্রীকে একটি চড় মারা ‘নিষ্ঠুরতা’ নয়, নিম্ন আদালতের সাজা বাতিল করল হাইকোর্ট

স্ত্রীকে একটি চড় মারা ‘নিষ্ঠুরতা’ নয়, নিম্ন আদালতের সাজা বাতিল করল হাইকোর্ট

গুজরাট হাইকোর্ট এক তাৎপর্যপূর্ণ রায়ে জানিয়েছে যে, স্বামীর হাতে স্ত্রীকে একটি চড় মারার ঘটনাকে আইনি পরিভাষায় ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য করা যায় না। বিচারপতি গীতা গোপী স্পষ্ট করেন, নিষ্ঠুরতা প্রমাণ করতে হলে ধারাবাহিক এবং অসহনীয় নির্যাতনের অকাট্য প্রমাণ থাকা আবশ্যক। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত ১৯৯৬ সালের একটি পুরনো মামলায় অভিযুক্ত স্বামীর সাত বছরের কারাদণ্ড বাতিল করার নির্দেশ দিয়েছে।

ঘটনাটি দীর্ঘ তিন দশক আগের। নিম্ন আদালত ২০০৩ সালে দিলীপভাই মাঙ্গাভাই ওয়ারলিকে তাঁর স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার দায়ে দোষী সাব্যস্ত করেছিল। অভিযোগ ছিল, স্বামী রাতে ব্যান্ড পার্টিতে বাদ্যযন্ত্র বাজাতে যাওয়ায় দম্পতির মধ্যে কলহ তৈরি হয় এবং স্বামী স্ত্রীকে মারধর করেন। তবে উচ্চ আদালতে প্রমাণিত হয় যে, স্ত্রী কাউকে না জানিয়ে বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামী রাগের মাথায় তাঁকে একটি চড় মেরেছিলেন।

হাইকোর্ট তাঁর রায়ে উল্লেখ করেছে, স্রেফ একটি চড় মারার ঘটনাকে প্ররোচনা বা নিষ্ঠুরতা বলা চলে না। পারিবারিক বিবাদের জেরে ঘটা এই বিচ্ছিন্ন ঘটনাটিকে আত্মহত্যার প্ররোচনা হিসেবে গণ্য করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ মেলেনি। ফলে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের সাজা বাতিল করে অভিযুক্ত স্বামীকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালত। এই রায় বর্তমানে আইনি ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *