ডেটা সুরক্ষা: প্লে-স্টোর থেকে ১৭ লক্ষেরও বেশি ভুয়ো অ্যাপ সরাল গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল গুগল। সম্প্রতি প্লে-স্টোর থেকে ১৭.৫ লক্ষেরও বেশি সন্দেহভাজন ও ভুয়ো অ্যাপ্লিকেশন সরিয়ে দিয়েছে সংস্থাটি। এর পাশাপাশি নীতি লঙ্ঘনের দায়ে প্রায় ৮০,০০০ ডেভেলপার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সাল জুড়ে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে আরও সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ করা এই অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি, ম্যালওয়্যার ছড়ানো এবং অজান্তে বিভিন্ন সাবস্ক্রিপশন চালু করার ঝুঁকি ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ‘প্লে প্রোটেক্ট’ টুলের সাহায্যে এই ক্ষতিকারক অ্যাপগুলোকে ব্যবহারকারীর স্মার্টফোনে পৌঁছানোর আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে প্রায় ২.৫৫ লক্ষ অ্যাপকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া থেকে আটকানো গেছে।
বর্তমানে গুগল তাদের সুরক্ষা নীতি আরও কঠোর করেছে। অ্যাপ তৈরির প্রাথমিক পর্যায় থেকেই এআই টুলের মাধ্যমে সেগুলোকে যাচাই করা হচ্ছে। অ্যান্ড্রয়েড স্টুডিও এবং প্লে-স্টোরের ডেটা সেফটি সেকশনে বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের মতো কোনো বিপত্তি দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।