বেলুচিস্তানে অপহৃত নিজেদের আট সেনাকে অস্বীকার পাকিস্তানের, কারগিল যুদ্ধের স্মৃতি উসকে বিতর্ক

বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠী বিএলএ-র হাতে বন্দি আটজন সেনাকে নিজেদের কর্মী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে পাক সেনাবাহিনী। গত ১৪ ফেব্রুয়ারি অপহৃত এই জওয়ানদের মুক্তির বিনিময়ে কারাবন্দি সঙ্গীদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে বিদ্রোহীরা। ২১ ফেব্রুয়ারির সময়সীমা পার হওয়ার পর দাবি পূরণ না হলে জওয়ানদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর ফলে অপহৃতদের পরিবারে চরম আতঙ্ক ছড়িয়েছে।
বিএলএ অপহৃত সেনাদের পরিচয়পত্রসহ ভিডিও প্রকাশ করলেও পাকিস্তানের সামরিক জনসংযোগ শাখা (আইএসপিআর) বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর দাবি, ওই ভিডিওর ব্যক্তিরা তাদের জওয়ান নয়। যদিও ভিডিওতে বন্দিরা নিজেদের নাম ও ইউনিটের বিস্তারিত তথ্য দিয়েছেন। পাক সেনাপ্রধান অসীম মুনিরের অধীনে থাকা বাহিনীর এমন রহস্যজনক নীরবতা ও দায় এড়ানোর নীতিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এই ঘটনা ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের স্মৃতি ফিরিয়ে এনেছে, যখন পাকিস্তান নিজ দেশের সেনাদের মরদেহ গ্রহণে অস্বীকার করেছিল। বিশেষজ্ঞদের মতে, বেলুচিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় আছে তা প্রমাণ করতেই এই মিথ্যাচার করছে সেনাবাহিনী। নিজ দেশের জওয়ানদের শত্রুর হাতে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়ার এই নীতি পাক সামরিক নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাকে বড় ধরনের সংকটের মুখে ফেলেছে।