শো-বিতর্ক: আইনি নোটিসের পর এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ আয়োজক

টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিসের পর এবার পুলিশের দ্বারস্থ হলেন বনগাঁর অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রী। বনগাঁ থানা ও পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনেছেন। তনয় শাস্ত্রীর দাবি, পূর্ণ পারিশ্রমিক নেওয়া সত্ত্বেও মিমি চুক্তি অনুযায়ী অনুষ্ঠান না করে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন।
মূলত সময়ের হেরফের ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ন’টায় পৌঁছানোর কথা থাকলেও মিমি আসেন সাড়ে এগারোটায়, যার ফলে অনুষ্ঠানটি আংশিকভাবে ভেস্তে যায়। এরপর আয়োজকের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হলে মানহানির অভিযোগ তোলেন তনয়। তিনি মিমির কাছে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরত এবং ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
এই ঘটনায় আইনি লড়াই আরও জটিল রূপ নিল। তনয় শাস্ত্রীর দাবি, মিমি চক্রবর্তী জনসমক্ষে ক্ষমা না চাইলে তিনি ফৌজদারি ও দেওয়ানি উভয় মামলা চালিয়ে যাবেন। এর আগে মিমির করা অভিযোগে তনয় গ্রেপ্তার হলেও আদালত তাঁকে জামিন দেয়। বর্তমানে পুলিশি অভিযোগ দায়ের হওয়ার ফলে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর আইনি বিড়ম্বনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।