মহাকাশে বিরল রক্তাভ চাঁদ দেখার সুযোগ! পশ্চিমবঙ্গ থেকে কখন দেখা যাবে?

মহাকাশে বিরল রক্তাভ চাঁদ দেখার সুযোগ! পশ্চিমবঙ্গ থেকে কখন দেখা যাবে?

সাম্প্রতিক সূর্যগ্রহণের রেশ কাটতে না কাটতেই এবার আকাশের বুকে ফিরছে মহাজাগতিক এক বিস্ময়। আগামী ৩ মার্চ বিশ্বজুড়ে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ ধারণ করবে এক মায়াবী লাল রঙ। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘ব্লাড মুন’। পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলায় সূর্যের আলোর বিচ্ছুরণে তৈরি হয় এই অপূর্ব দৃশ্য।

কখন দেখা যাবে এই চন্দ্রগ্রহণ?

আগামী ৩ মার্চ বিকেল ৪টে ৫৮ মিনিট থেকে ভারতে এই গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে বিকেল ৫টা ৩২ মিনিট পর্যন্ত এবং আংশিক বা খণ্ডগ্রাস গ্রহণ চলবে রাত ৭টা ৫৩ মিনিট পর্যন্ত। মহাজাগতিক এই দৃশ্যটি প্রায় ৫ ঘণ্টা স্থায়ী হলেও পূর্ণগ্রাস দশা দেখা যাবে ৫৮ মিনিট ১৫ সেকেন্ড ধরে।

পশ্চিমবঙ্গ ও কলকাতার অবস্থা

বাঙালি মহাকাশপ্রেমীদের জন্য রয়েছে মিশ্র খবর। গ্রহণের মূল সময়টিতে অর্থাৎ পূর্ণগ্রাস চলাকালীন বাংলায় সূর্যাস্ত হবে না। কলকাতায় ওইদিন সূর্যাস্ত হওয়ার কথা বিকেল ৫টা ৩৪ মিনিটে। ফলে পূর্ণগ্রাস দশাটি মিস করলেও সূর্যাস্তের ঠিক পরেই আকাশে চাঁদের খণ্ডগ্রাস রূপ দেখার সুযোগ মিলতে পারে। তবে আমেরিকার পশ্চিমাঞ্চল থেকে এই দৃশ্য সবথেকে স্পষ্ট দেখা যাবে।

কেন চাঁদ লাল দেখায়?

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি কালো হয়ে যায় না। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলো প্রতিসরিত হয়, তখন নীল আলো চারদিকে ছড়িয়ে পড়লেও লাল অংশটি সরাসরি চাঁদের ওপর গিয়ে পড়ে। এই কারণেই গ্রহণের সময় চাঁদকে গাঢ় কালচে লাল বা রক্তাভ দেখায়।

সবথেকে বড় সুবিধা হলো সূর্যগ্রহণের মতো এটি দেখতে কোনো বিশেষ চশমার প্রয়োজন হয় না। খালি চোখেই উপভোগ করা যায় এই মহাজাগতিক সৌন্দর্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *