‘ম’ মানে মা মাতৃভাষা ও মাতৃভূমি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বজুড়ে আবেগের জোয়ার

‘ম’ মানে মা মাতৃভাষা ও মাতৃভূমি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বজুড়ে আবেগের জোয়ার

শনিবার বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। নিজের দেশের ভাষায় শুভেচ্ছা বার্তার পাশাপাশি তাঁরা ইংরেজি অনুবাদসহ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছেন। এই উদ্যোগের মূলে রয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

দিল্লিতে অবস্থিত প্রায় ৬০টি দেশের রাষ্ট্রদূতেরা শুক্রবার থেকেই তাঁদের মাতৃভাষায় শুভেচ্ছা বিনিময় শুরু করেন। কেউ কেউ নিজের দেশের জনপ্রিয় কবিতা, গল্প বা উপন্যাসের অমর পঙ্ক্তি শৈল্পিক অক্ষরে তুলে ধরেছেন, আবার কেউ পোস্ট করেছেন গান। বহুভাষাবাদকে চ্যালেঞ্জ নয় বরং শক্তি হিসেবে দেখার এই সম্মিলিত আহ্বান এখন নেটদুনিয়ায় দারুণ প্রশংসিত হচ্ছে। রিয়াজ হামিদুল্লাহ তাঁর বার্তায় আবেগঘনভাবে লিখেছেন, “‘ম’ মানে মা, মাতৃভাষা, মাতৃভূমি।”

অন্যদিকে বাংলাদেশে শুক্রবার রাত বারোটার পর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলনেতা তথা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা।

এবারের উদযাপনে বিশেষ মাত্রা যোগ করেছে গান। শহিদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের সময় বেজে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো…’ এবং ‘সব কটা জানালা খুলে দাও না…’। উল্লেখ্য, ২০২১ সালে তৎকালীন ইউনুস সরকারের সময় এই কালজয়ী গান দুটি না বাজানোয় দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই খরা কাটিয়ে যথাযোগ্য মর্যাদায় এবং সাড়ম্বরে পালিত হচ্ছে ভাষা দিবস। বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও দিনটি পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *