মুর্শিদাবাদে বল বাড়িতে ঢোকায় শিশুদের লক্ষ্য করে গুলি শিক্ষকের, আহত ১

মুর্শিদাবাদে বল বাড়িতে ঢোকায় শিশুদের লক্ষ্য করে গুলি শিক্ষকের, আহত ১

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে খেলার বল বাড়িতে ঢুকে পড়ায় শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বাণীপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম সমীরকুমার মণ্ডল, যিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। স্থানীয় সূত্রে খবর, বাড়ির পাশের মাঠে খেলার সময় বলটি ভুলবশত তাঁর দরজায় লাগলে তিনি ক্ষুব্ধ হয়ে বন্দুক উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি চালান।

এই ঘটনায় এক শিশুর হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আহত শিশুকে উদ্ধার করে দ্রুত জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, ইতিপূর্বেও বল বাড়িতে ঢোকা নিয়ে ওই শিক্ষক একাধিকবার শিশুদের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। শুক্রবার সেই পরিস্থিতি চরমে পৌঁছালে তিনি নিজের এয়ারগান থেকে গুলি ছোড়েন বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করেছে এবং সেটি আসল নাকি এয়ারগান, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি জেরায় অভিযুক্ত শিক্ষক ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি চালানোর কথা স্বীকার করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *