পাক মসজিদে বিস্ফোরণের বদলা নিতে ভারতের মন্দিরে হামলার ছক লস্করের

পাক মসজিদে বিস্ফোরণের বদলা নিতে ভারতের মন্দিরে হামলার ছক লস্করের

গত নভেম্বরে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর এবার দেশের একাধিক প্রধান মন্দিরে হামলার ষড়যন্ত্র করছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। গোয়েন্দা সূত্রে খবর, দিল্লির ঐতিহাসিক লালকেল্লা এবং চাঁদনি চকের একটি মন্দিরসহ ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো এখন লস্করের নিশানায় রয়েছে। মূলত গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে ঘটে যাওয়া রক্তক্ষয়ী বিস্ফোরণের ‘প্রতিশোধ’ নিতেই জঙ্গিরা এই নাশকতার ছক কষছে বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত বছরের ৯ নভেম্বর লালকেল্লার সামনে জইশ-ই-মহম্মদের ঘটানো বিস্ফোরণে ১২ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছিলেন। রাষ্ট্রসংঘের সন্ত্রাস-বিরোধী পর্যবেক্ষণ দলের সাম্প্রতিক রিপোর্টে মাসুদ আজাহারের এই সংগঠনের ‘মহিলা ব্রিগেড’ গঠন নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জনের মৃত্যু ও ১৬০ জনেরও বেশি আহতের ঘটনাকে কেন্দ্র করে লস্কর-ই-তৈবা ভারতে বড়সড় হামলার হুমকি দেওয়ায় নিরাপত্তা মহলে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

ইসলামাবাদের সেই মসজিদ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং নিরাপত্তারক্ষীদের বাধায় হামলাকারী ভেতরে ঢুকতে না পারলেও প্রাণহানি এড়ানো যায়নি। এর আগে ইসলামাবাদ আদালত চত্বরে আইএস-এর আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই লস্করের এই নয়া তৎপরতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের স্পর্শকাতর এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *