শুল্কনীতিতে বড় ধাক্কা: ট্রাম্পের ক্ষমতা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করল সে দেশের সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে রায় দিয়েছে যে, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া একক সিদ্ধান্তে আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করার কোনো আইনি ক্ষমতা প্রেসিডেন্টের নেই। আদালতের এই রায়ের ফলে ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যনীতি এক বড়সড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল।
বিচারপতিদের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ প্রেসিডেন্টকে জরুরি অবস্থার দোহাই দিয়ে এককভাবে শুল্ক নির্ধারণের অধিকার দেয় না। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কোন দেশের পণ্যে কত শতাংশ শুল্ক বসবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের হাতেই ন্যস্ত। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছে আদালত।
সুপ্রিম কোর্টের এই রায়ে আন্তর্জাতিক বাণিজ্য ও বর্তমান চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতসহ যে দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য শর্তে চুক্তিবদ্ধ হয়েছিল, তাদের ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমদানিকারকদের বিপুল অর্থ ফেরতের নির্দেশের পাশাপাশি হোয়াইট হাউস এখন এই আইনি জটিলতা কাটাতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব অর্থনীতি।