ভোটের আগেই ডাবগ্রাম-ফুলবাড়িতে বড় চমক, কেন হঠাৎ পিছু হটলেন গৌতম দেব?

ভোটের আগেই ডাবগ্রাম-ফুলবাড়িতে বড় চমক, কেন হঠাৎ পিছু হটলেন গৌতম দেব?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল। নিজের দীর্ঘদিনের চেনা জমি ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত ঘোষণা করলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির এক সরকারি অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন, ডাবগ্রাম-ফুলবাড়ি নয়, বরং নিজের জন্মভূমি শিলিগুড়িতেই ফিরে যাচ্ছেন তিনি।

২০২১ সালের নির্বাচনে এই আসনেই বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন গৌতম বাবু। পরাজয়ের সেই দগদগে ক্ষত আর স্থানীয় রাজনৈতিক সমীকরণ বিচার করেই কি এই সিদ্ধান্ত? গৌতম দেবের কথায় ফুটে উঠেছে একরাশ অভিমান। তিনি বলেন, “তৃণমূল সরকার এখানে উন্নয়ন করবে আর ভোট যাবে বিজেপির ঝুলিতে, এটা হতে পারে না। এলাকার মানুষ এমন জনপ্রতিনিধিদের জিতিয়েছে যারা কোনও কাজই করে না। তাই আমি আর এখান থেকে দাঁড়াচ্ছি না।”

গৌতম দেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় এই ঘোষণা শুনেই কড়া আক্রমণ শানিয়েছেন। তিনি কটাক্ষের সুরে বলেন, “ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা! গৌতম দেব বুঝে গিয়েছেন এখানে দাঁড়ালে আবার হার নিশ্চিত। তাই মুখ বাঁচাতে আগেভাগেই সরে যাচ্ছেন। মানুষ ওঁকে বর্জন করেছে, আর দলও হয়তো ওঁকে আর টিকিট দেবে না জেনেই এই নাটক করছেন।”

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা এলাকা থেকে বিজেপি প্রায় ৭২ হাজার ভোটের লিড পেয়েছিল। বিধানসভা নির্বাচনেও গৌতম বাবু প্রায় ৩৫ হাজার ভোটে হেরেছিলেন। হারের পর তিনি শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে লড়ে মেয়র হয়েছিলেন। এবার ফের শিলিগুড়ি কেন্দ্র থেকেই তিনি বিধানসভায় লড়ার ইঙ্গিত দেওয়ায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, শিলিগুড়িতে কি তবে নিজের হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারবেন এই হেভিওয়েট নেতা? নাকি বিজেপির দাপটে সেখানেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *