মহাকাশে যমজমাট আতঙ্ক! সুনীতা উইলিয়ামসকে নিয়ে নাসার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১০ দিনের মিশন বদলে গেল দীর্ঘ ৯ মাসের দুঃস্বপ্নে! আমেরিকার বোয়িং সংস্থার তৈরি ‘স্টারলাইনার’ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন প্রখ্যাত নভোচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফেরার পথ রুদ্ধ হয়ে যায়। এই ঘটনাটি নিয়ে এতদিন জল্পনা চললেও, সম্প্রতি নাসার প্রকাশিত একটি অভ্যন্তরীণ রিপোর্ট মহাকাশ গবেষণার দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।
নাসার ওই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে, সুনীতাদের এই দীর্ঘ সময় মহাকাশে আটকে পড়া কোনো সাধারণ বিপত্তি নয়। বরং একে নাসার ইতিহাসের ‘প্রথম সারির ভয়াবহ দুর্ঘটনা’ বা ‘হাই-প্রোফাইল ফেইলিয়র’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণে সুনীতারা যেভাবে প্রাণ সংশয়ের মুখে পড়েছিলেন এবং পৃথিবীর সঙ্গে তাঁদের যোগাযোগ ও ফেরার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছিল, তা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক বড়সড় কালো অধ্যায় হয়ে রইল।
বোয়িং স্টারলাইনারের থ্রাস্টার বিকল হওয়া এবং হিলিয়াম লিকেজের মতো জটিল সমস্যার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত নাসার বিকল্প পরিকল্পনায় তাঁদের উদ্ধার করা সম্ভব হলেও, মহাকাশযাত্রীদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে এই রিপোর্ট। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে মহাকাশ অভিযানের প্রোটোকলে আমূল পরিবর্তন আনতে চলেছে নাসা।