ভারত আওয়ামি লিগ ও বিএনপির গোপন আঁতাত? বাংলাদেশে নতুন সরকারের শুরুতেই বিস্ফোরক অভিযোগ নাহিদ ইসলামের

বাংলাদেশের মসনদে নতুন সরকার বসার পর পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আশা থাকলেও, বাস্তবের চিত্রটা একেবারেই উল্টো। দেশজুড়ে এখন উন্নতির বদলে বইছে তীব্র বিতর্কের ঝড়। আর এই ঝড়ের কেন্দ্রে রয়েছে এনসিপি (NCP) আহ্বায়ক নাহিদ ইসলামের এক চাঞ্চল্যকর দাবি, যা কার্যত দেশের রাজনৈতিক মহলে ভূমিকম্প সৃষ্টি করেছে।
নাহিদের সরাসরি অভিযোগ, সদ্য সমাপ্ত নির্বাচনে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি ‘গোপন ত্রিভুজ বোঝাপড়া’ কার্যকর হয়েছিল। এই তত্ত্বের সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি সাম্প্রতিক কিছু ঘটনার দিকে আঙুল তুলেছেন। দেশের একাধিক জেলায় নিষিদ্ধ বা জনরোষের মুখে থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলো আচমকা আবারও সচল হতে দেখা যাচ্ছে।
নাহিদের প্রশ্ন, নবনির্বাচিত বিএনপি সরকারের ‘সবুজ সংকেত’ বা পরোক্ষ মদত ছাড়া নিষিদ্ধপ্রায় একটি দলের পক্ষে এভাবে প্রকাশ্যে কার্যালয় খোলা এবং কার্যক্রম শুরু করা কীভাবে সম্ভব? এই ঘটনায় সাধারণ মানুষের মনেও দানা বাঁধছে সন্দেহ। অনেকেই প্রশ্ন তুলছেন, পর্দার আড়ালে কি তবে নতুন কোনো সমীকরণ তৈরি হয়েছে? নির্বাচনের আগে ভারতের ভূমিকা এবং নির্বাচনের পরে বিএনপি ও আওয়ামী লীগের এই রহস্যজনক অবস্থান এখন টক অফ দ্য নেশন। নতুন সরকারের শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই এই ‘গোপন আঁতাত’ তত্ত্ব বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।