পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন কার্যকর করতে এমপাওয়ার্ড কমিটি গঠন করল কেন্দ্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করেছে। শুক্রবার জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১১এ এবং ১৩এ ধারা অনুযায়ী এই কমিটি কাজ করবে। ডিরেক্টরেট অফ সেনসাস অপারেশনসের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে গোয়েন্দা বিভাগ, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়াও রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং রেলওয়ের প্রতিনিধিরা আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন। ২০২৪ সালের ১১ মার্চের নির্দেশিকা মেনেই এই কমিটি নাগরিকত্ব সংক্রান্ত আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
অন্যদিকে, রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে জটিলতা অব্যাহত। সার্ভারের সমস্যার কারণে ভোটার তালিকা প্রকাশে বিলম্বের আশঙ্কার মাঝেই সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়া বিচারকদের তত্ত্বাবধানে চালানোর নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন ও রাজ্যের সংঘাতের আবহে উচ্চ আদালতের এই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।