মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা ট্রাম্পের, ১০ শতাংশ বিশ্বজনীন শুল্ক আরোপের ঘোষণা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বড়সড় ধাক্কা দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্ট’ ব্যবহার করে বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। আদালতের এই রায়ের পর ট্রাম্প সরকার পিছিয়ে না এসে পাল্টা পদক্ষেপ হিসেবে ১০ শতাংশ গ্লোবাল ট্যারিফ বা বিশ্বজনীন শুল্ক ঘোষণা করেছে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আপাতত নতুন কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই ১০ শতাংশ শুল্কই কার্যকর থাকবে। এর ফলে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশগুলোকেও আমেরিকায় পণ্য রপ্তানির ক্ষেত্রে এই নির্দিষ্ট হারে কর দিতে হবে। ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করে জানিয়েছেন, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ অনুযায়ী বর্তমান শুল্কের ওপর অতিরিক্ত এই ১০ শতাংশ ট্যারিফ যুক্ত করা হচ্ছে।
প্রাথমিকভাবে এই নতুন শুল্ক নীতি ১৫০ দিন বা প্রায় পাঁচ মাসের জন্য কার্যকর থাকবে। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতে এই শুল্কের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আইনি লড়াইয়ে হারলেও ট্রাম্পের এই অনমনীয় অবস্থান বিশ্ব বাজারে পণ্য আমদানির খরচ বাড়িয়ে দেবে, যার প্রভাব সরাসরি ভারতীয় রপ্তানি বাণিজ্যের ওপর পড়বে।