আমদানি শুল্ক মামলায় ট্রাম্পের হার: সুপ্রিম কোর্টে জয়ী ভারতীয় বংশোদ্ভূত নীল কাত্যাল

মার্কিন সুপ্রিম কোর্টে ঐতিহাসিক জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নীল কাত্যাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক আমদানি শুল্ক বাতিল করে দিয়েছেন আদালত। ১৯৬৭ সালের একটি বিশেষ আইনের অপব্যবহার করে এই শুল্ক চাপানো হয়েছিল, যাকে অসাংবিধানিক ও অন্যায্য কর হিসেবে চ্যালেঞ্জ জানিয়েছিলেন প্রাক্তন ভারপ্রাপ্ত সলিসিটার জেনারেল কাত্যাল।
৬-৩ সংখ্যাগরিষ্ঠতার রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস স্পষ্ট করেন যে, কর আরোপের ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে ন্যস্ত। প্রেসিডেন্ট কেবল আমদানি নিয়ন্ত্রণ করতে পারেন, একতরফা শুল্ক চাপাতে পারেন না। এই রায়কে আইনের শাসনের জয় হিসেবে অভিহিত করে নীল কাত্যাল জানান, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সংবিধানের মর্যাদা রক্ষায় এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শিকাগোয় জন্ম নেওয়া কাত্যাল ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং সুপ্রিম কোর্টে ৫০টিরও বেশি মামলায় সওয়াল করেছেন। ইয়েল ল’ স্কুলের এই প্রাক্তনী জর্জ ফ্লয়েড হত্যা মামলাসহ একাধিক গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে সফল হয়েছেন। আদালতের এই রায় ভবিষ্যতে জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রপতির একতরফা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি স্পষ্ট সীমারেখা টেনে দিল।