বিজেপির প্রার্থী হওয়ার আবেদনে ভাটা, বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিতে বঙ্গ শিবির

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখলেও বর্তমানে কোণঠাসা বিজেপি। গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যেখানে ড্রপ বক্সে ১৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল, এবার সেই সংখ্যা মাত্র কয়েকশোতে ঠেকেছে। কেন্দ্রীয় নেতৃত্বের লাগাতার আনাগোনা সত্ত্বেও রাজ্য বিজেপি কর্মীদের মধ্যে লড়াইয়ের উৎসাহে খামতি স্পষ্ট। দলের অন্দরের খবর অনুযায়ী, প্রার্থী হওয়ার জন্য আগের মতো আর ভিড় জমছে না গেরুয়া শিবিরে।
বঙ্গ বিজেপির একাংশের মতে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও রাজনৈতিক কৌশলের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হচ্ছেন দিল্লির নেতারা। বিশেষ করে হিন্দিভাষী নেতাদের ওপর অতি-নির্ভরতা এবং ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে দলের ভেতরেই ক্ষোভ দানা বেঁধেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত লোকসভা ভোটের তুলনায় আবেদনের হার এবার তলানিতে এসে ঠেকেছে।
রাজনৈতিক মহলের দাবি, কেন্দ্রের বাজেট নিয়ে প্রচারের নির্দেশ থাকলেও অনেক নেতা-কর্মী মানুষের দরবারে যেতে চাইছেন না। শাসক দল যখন নতুন শক্তিতে প্রচার চালাচ্ছে, তখন বিজেপির অন্দরে বাড়ছে গাছাড়া ভাব। ড্রপ বক্সের খালি পড়ে থাকা চিঠিগুলি যেন রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের প্রতি অনাস্থারই ইঙ্গিত দিচ্ছে। এই স্থবিরতা কাটিয়ে নির্বাচনে ঘুরে দাঁড়ানোই এখন পদ্ম শিবিরের বড় চ্যালেঞ্জ।