আরামবাগে ‘যুব সাথী’র লাইনে বিজেপি নেত্রী, প্রকল্পের সুবিধায় মমতার প্রশংসা

আরামবাগে ‘যুব সাথী’র লাইনে বিজেপি নেত্রী, প্রকল্পের সুবিধায় মমতার প্রশংসা

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’ ঘিরে রাজনৈতিক চাপান-উতোরের মধ্যেই এক ভিন্ন চিত্র ধরা পড়ল হুগলির আরামবাগে। শুক্রবার গোঘাট ২ নম্বর ব্লক অফিসে এই প্রকল্পের ফর্ম তুলতে লাইনে দাঁড়াতে দেখা গেল স্থানীয় বিজেপি নেত্রী তথা আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্তকে। বিরোধী শিবিরের নেত্রী হওয়া সত্ত্বেও সরকারি প্রকল্পের সুবিধা নিতে তাঁর এই উপস্থিতি বর্তমানে রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী জানান, এই অর্থ কোনো রাজনৈতিক দলের নয়, বরং সরকারের। তাই সাধারণ মানুষের এই সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। ক্যামেরার সামনে তিনি ছেলের জন্য ফর্ম তোলার দাবি করলেও, নথিতে তাঁর নিজের নামই গ্রাহক হিসেবে দেখা যায়। বেকার যুবক-যুবতীদের ফর্ম ফিলাপ ও অন্যান্য খরচ মেটাতে এই আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি বলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের সাধুবাদ জানান।

বিজেপি নেত্রীর এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোঘাট-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার বিষয়টিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রাজনীতির জয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই ঘটনা প্রমাণ করে যে তৃণমূল সরকারের প্রকল্পগুলি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সব মিলিয়ে প্রকল্পের লাইনে বিজেপি নেত্রীর উপস্থিতি আরামবাগের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *