পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর করতে ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করল কেন্দ্র

রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গের জনগণনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। এছাড়া কমিটিতে গোয়েন্দা বিভাগ, ডাক বিভাগ এবং এনআইসি-র পদস্থ আধিকারিকরা সদস্য হিসেবে থাকবেন।
কমিটির মূল দায়িত্ব হবে আবেদনকারীদের নথিপত্র এবং পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা। জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে যোগ্য ব্যক্তিদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। ইতিপূর্বে ২০২৪ সালে সিএএ-র নিয়মাবলী ঘোষিত হলেও রাজ্যভিত্তিক কমিটি গঠন বাকি ছিল।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব এবং এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পদক্ষেপকে ভোটব্যাংকের রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছে। পাল্টা যুক্তিতে কেন্দ্র জানিয়েছে, আইনি জটিলতা কাটিয়ে প্রকৃত শরণার্থীদের অধিকার নিশ্চিত করতেই এই প্রশাসনিক পরিকাঠামো তৈরি করা হয়েছে।