শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, প্রথমবার উপস্থিত জামায়াত আমির

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ শেষে ফিরে যাওয়ার পর প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান এবং সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি দলীয় নেতাকর্মী ও পরিবারসহ পুষ্পস্তবক অর্পণ করেন।
এবারের অমর একুশে উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতিহাসে প্রথমবারের মতো জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন। রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই এই অংশগ্রহণ বলে তিনি সংবাদমাধ্যমকে জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ভাষা শহীদদের স্মরণে দিনটি পালনে রাজধানীসহ সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।