এসআইআর জট কাটাতে তৎপর আদালত, প্রধান বিচারপতির উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় তৈরি হওয়া প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসনে শনিবার দুপুরে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি পীযূষ পাণ্ডে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের উপস্থিত থাকার কথা। এ ছাড়াও বৈঠকে অংশ নেবেন অ্যাডভোকেট জেনারেল এবং নির্বাচন কমিশনের শীর্ষ প্রতিনিধিরা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে এই বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এসআইআর সংক্রান্ত তথ্যগত অসঙ্গতি দূর করতে বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগের ভার দেওয়া হয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ওপর। মূলত জেলা স্তরে এই আধিকারিকরা কীভাবে কাজ করবেন এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে কীভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হবে, আজকের বৈঠকে সেই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।
আদালত জানিয়েছে, বিচারবিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং রাজ্য সরকারকে তা মেনে চলতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যতটুকু কাজ শেষ হবে, তার ভিত্তিতেই কমিশন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে। তবে এটিই শেষ তালিকা নয়, পরবর্তীতে অতিরিক্ত তালিকা প্রকাশের সুযোগ থাকছে। রাজ্যের এই ‘ব্যতিক্রমী’ পরিস্থিতিতে সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতেই বিচার বিভাগকে সরাসরি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।